Logo
Logo
×

রাজধানী

সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণের আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের

Icon

মো. সোলায়মান

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণের আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের

ছবি -সমাচার প্রতিদিন

সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

তিনি বলেছেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রত্যেক সাংবাদিককে পেশাগত সততা, দায়িত্বশীলতা ও নৈতিকতা বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মেলন কক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

ছবি-সমাচার প্রতিদিন

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। গণমাধ্যম-সম্পর্কিত আইন ও বিধিবিধান সম্পর্কে জানার পাশাপাশি পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এতে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ সংগ্রহ এবং পরিবেশনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে গুজব ও ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পেশাদার সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। কোনো তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা যাবে না। তথ্যের সত্যতা নিশ্চিত করে নীতি-নৈতিকতা মেনে সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজে সত্য প্রতিষ্ঠা সম্ভব।

তারা আরও বলেন, হলুদ সাংবাদিকতা একজন সাংবাদিকের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। তাই সাংবাদিকতার মূল ভিত্তি সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা সমুন্নত রাখতে হবে। বিশেষ করে সাব-এডিটরদের সংবাদ সম্পাদনা, শিরোনাম নির্বাচন, ভাষা ও উপস্থাপনার ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

সেমিনারে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও মো. শহিদুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি এবং কল্যাণ সম্পাদক সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকতার আচরণবিধি অনুসরণ, গুজব ও ভুয়া খবর প্রতিরোধ, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ এবং দায়িত্বশীল সাংবাদিকতায় পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন, মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রায় ৮০ জন সদস্য অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন