Logo
Logo
×

রাজধানী

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ প্রজাতির বৃক্ষরোপণ করল বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি

Icon

মো. আবুল বায়েছ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ প্রজাতির বৃক্ষরোপণ করল বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি

বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি-সমাচার প্রতিদিন

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ৬২ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা। শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

প্রধানমন্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা অংশ নেন। এ সময় তারা ৬২ প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এসময় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা জিয়া উদ্যানে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করেছি। সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী সবসময়ই বৃক্ষরোপনের ওপর গুরুত্বারোপ করেন।  সেজন্যই আমরা প্রচলিতভাবে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপনের পরিবর্তে বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হাতে নিয়েছি।

সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি বলেন, জলবায়ু সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।  বিএনপির ৩১ দফার ২৯ নম্বর দফায়ও পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বিশেষ কর্মসূচির কথা বলা হয়েছে। বৃক্ষরোপণ ও নদী খননের মাধ্যমে কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যা মোকাবিলা করা যায়, তার পরিকল্পনা এতে বলা হয়েছে।

ছবি-বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কেএম রাশেদ ও আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, নাট্য সম্পাদক বিভান বাদল।

এ ছাড়া সংগঠনের সদস্য অরণ্য পাশা, এস এম আরিফুল আমিন, তারভীর তারেক নিশান, এটিএম শামসুজ্জামান ও আলমগীর লিটনসহ অন্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, এর আগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মের ওপর দেশব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা। সংগঠনটির এ ধরনের উদ্যোগের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের ধারাবাহিকতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন