Logo
Logo
×

সারাদেশ

মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধের ডাক’ পল্লবী থানা যুবদলের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৮:১২ এএম

মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধের ডাক’ পল্লবী থানা যুবদলের

ছবি- মাদকের বিরুদ্ধে পল্লবী থানা যুবদলের মিছিল

জাতিসংঘ ঘোষিত বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের মূল সড়কে এক বিশাল মানববন্ধন ও র‌্যালির আয়োজন করে পল্লবী থানা যুবদল। ‘মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও কঠোর আইনি প্রয়োগের আহ্বান’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী, শিক্ষক, রাজনীতিক ও সাধারণ মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (২৬জুন) সকাল ১০টায় শুরু হওয়া এই মানববন্ধন ও র‌্যালি দুপুর ১২টায় শেষ হয়। কর্মসূচি থেকে সমবেত কণ্ঠে শপথ নেওয়া হয়— ‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’, ‘বাঁচাই প্রজন্ম, রুখি মাদক’।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘মাদকের ছোবলে পরিবার ধ্বংস হচ্ছে, যুবসমাজ ধ্বংসের মুখে। যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, তারা আজ থেকেই ভালো হয়ে যান, নয়তো এলাকা ছাড়ুন—না হলে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, দেশ বাঁচাতে হলে, প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। যুবদল আর নীরব থাকবে না।

মানববন্ধনে বক্তারা মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে বলেন, দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থাকলেও কার্যকর কোনো মাদকমুক্ত পরিকল্পনা নেই। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়মিত মাসোহারার মাধ্যমে মাদক ব্যবসায়ীদের রক্ষা করছে। এখন সময় এসেছে তাদেরও আইনের আওতায় আনার।

পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজ্বী নুর সালাম হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা কোনো কথার বাণী নয়, এটি একটি যুদ্ধের ডাক। যারা চুপ করে থাকবে, তারা অপরাধীদের পক্ষ নিচ্ছে। এখনই সময় সমাজ রক্ষায় দাঁড়াবার।

মানববন্ধনে বিশেষ অতিথি অধ্যক্ষ মোস্তফা কামাল খোশ নবিশ বলেন, পিতামাতাকে সন্তানের গতিবিধির দিকে খেয়াল রাখতে হবে। সচেতন পরিবারই পারে মাদকের ভয়াবহতা ঠেকাতে।

এসময় উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, এবং ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও শিক্ষক সমাজ—মুফতি আব্দুর রফ ফরিদী, মুফতি আব্দুল বাতেন কাসেমী, এমডিসি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শহিদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আলমগীর হোসেন, শেখ কামাল উচ্চ বিদ্যালয়ের মোঃ শেখ ফরিদসহ আরও অনেকে।

মানববন্ধন ও র‌্যালিতে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী—যুবদল, ছাত্রদল, মহিলা দল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা অংশ নেন।

 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন