শহীদ আকরাম খাঁন রাব্বি স্মরণে দোয়া ও আলোচনা সভা
ফয়জুল্লাহ স্বাধীন
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৪:৪৯ এএম
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া মিরপুর-১৩ এর বাসিন্দা বীর ছাত্রনেতা মোঃ আকরাম খাঁন রাব্বি এবং একই পরিবারের শহীদ মেহেরুন নেছা তানহা-সহ সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার (১৯ জুলাই) রাজধানীর কাফরুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা দেখেছি হাসিনা কীভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে ‘জুলাই আন্দোলনে’ পাখির মত গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করেছে। ১৯ জুলাই শহীদ রাব্বিকে গুলি করে হত্যা করা হয় এবং তিনদিন পর আমরা ঢাকা মেডিকেলে গিয়ে তার নিথর দেহ খুঁজে পাই। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।
দোয়া মাহফিলের পূর্বে শহীদ আকরাম খাঁনের কবর জিয়ারত করেন বিএনপির নেতাকর্মীরা। উপস্থিত সকলে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে বক্তারা ‘খুনি হাসিনার ফাঁসি’ দাবি করে তারা বলেন, “শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না।”
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই, মিরপুর-১০ এর পপুলার হাসপাতালের সামনে স্বৈরাচার সরকারের পুলিশের গুলিতে শহীদ হন মোঃ আকরাম খাঁন রাব্বি, যিনি কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সম্মুখ সারির কর্মী ছিলেন। একই পরিবারের মেহেরুন নেছা তানহা ০৫ আগস্ট নিজ বাসায় পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন।

