Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ভুয়া কমিটির নামে এতিমখানার চাল আত্মসাৎ

Icon

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:৪৫ এএম

গাজীপুরে ভুয়া কমিটির নামে এতিমখানার চাল আত্মসাৎ

গাজীপুরের পুবাইল বসুগাঁও এলাকায় ভুয়া কমিটির নামে এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পাঠানবাড়ী কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমিটি। রবিবার সকালে এতিমখানা প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এতে মসজিদ ও এতিমখানার মোতাওয়াল্লি হাফেজ আহাম্মেদ পাঠান বলেন, আমি প্রতিষ্ঠানের মূল জমিদাতা এবং দীর্ঘদিন ধরে কমিটির দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পালন করার সময়ে কিছু দুষ্কৃতকারী এতিমখানার নামে ভুয়া কমিটি করে সরকারি অনুদানের ১ টন চাল আত্মসাৎ করেছে। পরে অনুদানের সেই চাল বেচে টাকা মেরে দিয়েছে। বিষয়টি আমরা জানতে পেরে গাজীপুর জেলা প্রশাসকের এতিমখানা কমিটির সভাপতি জামীর আলী খান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে চাল চুরি ও টাকা আত্মসাতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির চাপের মুখে পরবর্তী সময়ে আত্মসাতের টাকা ফেরত দিয়েছে দুষ্কৃতকারীরা। 

তিনি আরও বলেন, উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে ভুয়া কমিটির বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সাংবাদিক জুয়েল পাঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয় চিহ্নিত দুষ্কৃতকারীরা। 

জুয়েল পাঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি ও মোতাওয়াল্লি। সেই সঙ্গে ভুয়া কমিটির মূল হোতা মাসুম পাঠান, সুজন পাঠান, আতাউর পাঠানসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন