Logo
Logo
×

সারাদেশ

আসন অপরিবর্তিত রাখার দাবিতে যশোরে নির্বাচন অফিস ঘেরাও

Icon

যশোর সংবাদদাতা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০২:১২ এএম

আসন অপরিবর্তিত রাখার দাবিতে যশোরে নির্বাচন অফিস ঘেরাও

ছবি :সংগৃহীত

যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে কেশবপুর উপজেলা বিএনপি। রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় এ দাবিতে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করা হয়।

এ সময় সংসদীয় আসনটির সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসারের কাছে দেওয়া হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

আসন বণ্টনের নামে ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে নেতারা বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি যখন একটি সফল নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মুখিয়ে আছে। কিন্তু একটি চক্র নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এ চক্রটি দেশকে আবারও অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ চক্রান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে যশোরের মানুষের নির্বাচনী সংষ্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো প্রক্রিয়া তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।

কর্মসূচি চলাকালে নেতারা যশোরের ছয়টি আসনের বর্তমান সীমানা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন