বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিসাপ’র আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
ছবি-সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া সাংস্কৃতিক পরিষদ (জিসাপ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় রাজধানীর দক্ষিন পীরেরবাগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিসাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম বাবলু।
সাংগঠনিক সম্পাদক আবু তাহের মো. শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিসাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তৌহিদ রিপন।
তৌহিদ রিপন বিএনপি প্রতিষ্ঠার পটভূমি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি'র অবদান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলে জিসাপ'র করণীয় তুলে ধরেন।
আরও বক্তব্য দেন- জিসাপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অভিনেতা সোহেল রশিদ, সহ-সভাপতি বাবুল আকতার, সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দীন সোহেল, সহ-সভাপতি ওয়াহিদ সাত্তার আলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদ, সংবাদপত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। দলটি প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ৪ বার রাষ্ট্রক্ষমতায় এসে দেশ পরিচালনা করে তার প্রমাণ দিয়েছে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসলে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের গণতান্ত্রিক চেতনার প্রতীক, একটি দর্শন। বিএনপির মূল নেতৃত্ব দেশের অগ্রযাত্রায় যে কাজ করে যাচ্ছে তার সহযাত্রী হয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করাই জিসাপের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক সোলেমান চৌধুরী, জিয়ারুল ইসলাম জিহাদ, আবুল কালাম রাজু, লোকমান হোসেন দিপু, জহিরুল ইসলাম স্বপন, খন্দকার আশিকুল ইসলাম তারেক, আবু সাঈদ মিঠু, কবি মনি নাজনিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ফ্যাসিষ্ট , স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু রোগমুক্তির কামনায় দোয়া করা হয়।

