দুর্নীতিমুক্ত প্রশাসন প্রত্যাশা নওগাঁবাসীর
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
ছবি-সংগৃহীত
নওগাঁর বিভিন্ন সরকারি দপ্তরে লাগামহীন ঘুষ, দুর্নীতি ও কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং নাগরিক সেবায় হয়রানির বিরুদ্ধে মানববন্ধন পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় মুক্তির মোড়ে পৌরসভার সামনে এ কর্মসূচি পালিত হয়। আয়োজন করেছিল নাগরিক উন্নয়ন ফোরাম।
এতে সভাপতিত্ব করেন ভাসানী পরিষদ নওগাঁর আহ্বায়ক
ও শিক্ষক জাহিদ রাব্বানী রশিদ। এ সময় বক্তৃতা করেন বাসদের জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন
মুকুল, সুজনর সভাপতি মোফাজ্জল হোসেন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে
জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা
বলেন, নওগাঁর প্রতিটি সরকারি অফিসে জেঁকে বসেছে দুর্নীতি।
নাগরিকদের সেবা পাওয়ার জন্য ঘুষ দিতে হচ্ছে।
ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এই হয়রানির থেকে মানুষ মুক্তি চায়। সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা
ও দায়িত্বহীন আচরণ সীমা ছাড়িয়ে গেছে। এতে জনভোগান্তি চরমে পৌঁছেছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের
অপসারণ ও জবাবদিহির আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, নওগাঁ পৌরসভা প্রথম শ্রেণি হলেও
ন্যূনতম সেবাও পাচ্ছেন না শহরবাসী। শহরের সড়কগুলোর বেহাল দশা।
এ ছাড়া জেলাজুড়ে অবৈধ ইটভাটার কারণে পরিবেশের
ওপর বিরূপ প্রভাব পড়ছে। পৌর কর্তৃপক্ষ অতিরিক্ত কর চাপিয়ে ঠিক করেনি। এদিকে শহরের যানজটে
নাকাল পৌরবাসী। যানজট নিরসনে ফোরলেন সড়ক নির্মাণের দাবি জানান বক্তারা। তারা আরও বলেন,
রাষ্ট্র ও প্রশাসনের উন্নয়ন কেবল কাগজে-কলমে হলে চলে না। তা বাস্তবে প্রতিফলিত হলো
কি না, সেটাই আসল কথা। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন ছাড়া মানুষের ভোগান্তি দূর হবে না। সুশাসন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি
আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

