পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৩
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম
ছবি-সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির সময় তিন ডাকাতকে আটক করেছে জনতা। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেজপাড়া গ্রামে ডাকাতির সময় জনতা তাদের ধরে ফেলে।
আটককৃত ডাকাতরা হলেন হরিনাকুন্ডু উপজেলার আবুল হোসেনের ছেলে শাহাবুর মন্ডল (৩২), একই উপজেলার বৈঠাপাড়া গ্রামের মহিউদ্দিন সর্দারের ছেলে রানা হোসেন (২৩), ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের ওবায়দুল মন্ডলের ছেলে তুষার আহম্মেদ সাকিব (২১)। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বেজপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে ডাকাত হানা দেয়। তার স্ত্রী রিজিয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন, কানের দুল ও আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রিজিয়া বেগম ডাকাতদের পিছু ধাওয়া করেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে ডাকাত দলের পিছু ধাওয়া করে তিনজনকে আটক করেন।
এলাকাবাসী আরো জানান, আটক ডাকাত সদস্যদের কাছ থেকে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রোকনের নেতৃত্বে তারা আটজন ডাকাতি করতে আসে। বাড়িতে চারজন প্রবেশ করেছিল আর বাইরে চারজন ছিল। ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। এলাকাবাসীর উপস্থিতে ডাকাতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। এঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা দয়েরপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

