মূলহোতা তানিয়া গ্রেপ্তার
রূপনগর থানার তৎপরতায় উন্মোচিত ভয়ংকর প্রতারণা সিন্ডিকেট
এটিএম শামসুজ্জামান
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
উদ্ধারকৃত মালামালসহ আটক প্রতারক তানিয়া
রাজধানীর রূপনগর থানা পুলিশের পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন জাতীয় বিপজ্জনক কেমিক্যাল ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা মোসা. তানিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় এই চক্র প্রবাসী পরিবারের সদস্যদের টার্গেট করে প্রতারণা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশের দাবি— এই অভিযান শুধু তানিয়াকে গ্রেপ্তারেই সীমাবদ্ধ নয়, বরং এটি নগরজুড়ে সক্রিয় প্রতারণা নেটওয়ার্ক ভাঙার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রূপনগরের বাসিন্দা বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে তানিয়ার পরিচয় হয়। নিজেকে প্রবাসীর আত্মীয় পরিচয় দিয়ে নাসিমার আস্থা অর্জন করে সে। কথোপকথনের একপর্যায়ে ব্যাগে থাকা স্কোপোলামিন জাতীয় ‘শয়তানের নিশ্বাস’নামক কেমিক্যাল কৌশলে নাসিমার নাকে প্রয়োগ করে তাকে অচেতন করে ফেলে। এরপর নাসিমার বাসা থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় প্রতারক তানিয়া।
এবিষয়ে প্রতারিত বেলাল হোসেন বাদী হয়ে রূপনগর থানায় মামলা দায়ের করলে, থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্ত শুরু করে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলমের নেতৃত্বে শুরু হয় পুলিশি কার্যক্রম। গঠিত দল সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে তানিয়ার অবস্থান শনাক্ত করে। ঘটনার তড়িৎ বিশ্লেষন ও সঠিক কৌশল নির্ধারণ করে গত সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রতারক তানিয়াকে। অভিযানকালে পুলিশ তানিয়ার হেফাজত থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, বিক্রিত স্বর্ণের ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, কিছু ইমিটেশনের গয়না, একটি মোবাইল ফোন উদ্ধার করে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম জানান, ‘তানিয়া দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতারণা চালিয়ে আসছিল। সে বিশেষভাবে প্রবাসী পরিবার বা একাকী নারী সদস্যদের টার্গেট করত। টার্গেটকৃত পরিবারে সহজে মিশতে নিজেকে ওই প্রবাসীর আত্মীয় পরিচয় দিয়ে আস্থা অর্জন করত। পরে কথাবার্তার ফাঁকে ‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে অচেতন করে মূল্যবান জিনিস নিয়ে পালাতো।’
তিনি আরও বলেন, তথ্যমতে তানিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে। তার সঙ্গে জড়িত আরও কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধারকৃত টাকাসহ অন্যান্য মালামাল আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হবে।
রূপনগর থানা পুলিশের পক্ষথেকে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি জানান, অচেনা বা সদ্য পরিচিত কেউ বাসায় এলে খাবার বা পানীয় গ্রহণে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কোনো ব্যক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা বা জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগীতা চাইবেন। বিশেষ করে প্রবাসী পরিবারের সদস্যদের সতর্ক থাকায় এসব বিষয় গুরুত্ব সহকারে খেয়াল করবেন। এছাড়াও রাজধানীতে এ ধরনের প্রতারণা রোধে পুলিশের পক্ষথেকে বিশেষ নজরদারি ও অভিযানে আরও কঠোরতা আনা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, স্কোপোলামিন (Scopolamine) এক ধরনের নিউরোটক্সিক কেমিক্যাল যা মানুষের স্নায়ুতন্ত্রকে অবশ করে দেয়। এটি ঘ্রাণের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মানুষ অচেতন বা সিদ্ধান্তহীন হয়ে পড়ে। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এটি ‘Devil’s Breath’ নামে পরিচিত এবং অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য কুখ্যাত। বাংলাদেশেও সাম্প্রতিক বছরগুলোতে প্রতারণা ও ছিনতাইয়ে এর ব্যবহার বাড়ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতারক চক্রের হোতা তানিয়াকে গ্রেপ্তারের ঘটনায় রূপনগর থানার তদন্ত দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

