কুমিল্লায় একমাসে সড়কে ঝড়েছে ২২ প্রাণ
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি-সংগৃহীত
কুমিল্লায় গত ডিসেম্বর মাসে জেলার বিভিন্ন মহাসড়কে ১৮টি সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। এছাড়াও ৯টি খুনের ঘটনা সহ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৭ টি এবং ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ১১টি। অপমৃত্যুর ৫১ টি মামলা সহ জেলার সবকটি থানায় মোট ৪১৬ টি মামলা দায়ের হয়েছে। গতকাল রবিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা
প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনীর জেলা পর্যায়ে শীর্ষ কর্মকর্তা,
বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সেবাপ্রদানকারী অধিদপ্তর ও দপ্তরসহ আইনশৃঙ্খলা
কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে
রেখে সব ধরনের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও বাহিনীকে সচেষ্ট
থাকার নির্দেশনা নিয়ে সভায় আলোচনা করা হয়।
এছাড়াও জন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে
দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগের ব্যবস্থাপনা, নগরীতে অটো রিক্সা
নিয়ন্ত্রণ, মশক নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম ত্বরান্বিত করা, বিভিন্ন সরকারি
প্রতিষ্ঠানে চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশি প্রতিরোধ ব্যবস্থা সচেষ্ট করা, নির্বাচনকে
সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা, কেন্দ্র অনুযায়ী আনসার সদস্য
মোতায়ন পরিসংখ্যান এবং সীমান্তে বিজিবি সতর্কতা সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ
আলোচনা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট
ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
উপহার দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
//211//

