Logo
Logo
×

সারাদেশ

মুরাদনগরে ৬ বছরের শিশুকে হত্যা, চাচাতো ভাই আটক

Icon

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

মুরাদনগরে ৬ বছরের শিশুকে হত্যা, চাচাতো ভাই আটক

ছবি- এলাকাবাসী স্বজনদের আর্তনাত

কুমিল্লার মুরাদনগরে অমানুষিক নির্যাতনের পর ছয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নিছা মনি। সে ওই গ্রামের শরীফ মিয়ার মেয়ে। আর ঘাতক রাসেল রবি মিয়ার ছেলে এবং নিহত শিশুর চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাসেল নিছা মনিকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে শিশুটির চিৎকার থামাতে তাকে গলা টিপে হত্যা করে সে। পরে হাত-পা ও মুখ বেঁধে মরদেহ বাড়ির পাশের পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে দেয় ঘাতক।

এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। এ সময় রাসেলও তাদের সঙ্গে নিছা মনিকে খোঁজার ভান করে এবং এলাকায় মাইকিং করার পরামর্শ দেন। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত শিশুর দাদি ও স্বজনরা জানান, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে নিছা মনির মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন