ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাজুর শেষ দিনের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
পরিবেশবান্ধব ও দূষণমুক্ত মিরপুর গড়ার অঙ্গীকার নিয়ে ‘গ্রীন মিরপুর, ক্লিন মিরপুর’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু গণসংযোগ চালিয়েছেন। নির্বাচনী গণসংযোগের শেষ দিনে গতকাল তিনি এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে সাজু বলেন, নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মিরপুরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হবে। মিরপুরের পরিবেশ দূষণ কমিয়ে বাতাসকে স্বাস্থ্যকর করতে এবং এলাকাকে জঞ্জাল ও আবর্জনামুক্ত করে একটি আদর্শ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও নীরব চাঁদাবাজির কবল থেকে মিরপুরকে মুক্ত করতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক ও সন্ত্রাস স্পটগুলো চিহ্নিত করে সেগুলো নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে ইতোমধ্যে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী সাজু মিরপুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। তার নির্বাচনী ইশতেহারে রয়েছে এলাকার অনুন্নত সড়ক উন্নয়ন, পুনর্বাসন কার্যক্রম, কাউন্দিয়া ব্রিজ নির্মাণসহ একাধিক উন্নয়ন পরিকল্পনা।
উল্লেখ্য, সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু মিরপুরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত এস এ খালেকের ছেলে। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারে দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

