Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন সাংবাদিক রুমন

Icon

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

প্রধানমন্ত্রীর অতিরিক্ত  প্রেস সচিব হলেন  সাংবাদিক রুমন

ছবি-সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আতিকুর রহমান রুমনের প্রমাতামহ রজিব উদ্দিন তরফদার ছিলেন উত্তরাঞ্চলে বৃটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের অন্যতম নেতা। জমিদারদের বিরুদ্ধে প্রজাদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিন লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ায় তিনি ‘প্রজাবন্ধু’ উপাধি লাভ করেন। প্রজাবন্ধু রজিব উদ্দিন তরফদার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশবন্ধু চিত্ত রঞ্জন এবং শের-ই বাংলা একে ফজলুল হকের ঘনিষ্ঠজন রজিব ‍উদ্দিন তরফদার কৃষক প্রজা পার্টি থেকে আইন সভার সদস্য নির্বাচিত হন। রজিব উদ্দিন তরফদারের স্মরণে পরবর্তীতে তাঁর বাড়ি শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় ‘প্রজাবাহিনী প্রেস’ নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করা হয়। 

প্রজাবন্ধু রজিব উদ্দিন তরফদারের কনিষ্ঠ পুত্র আবু নছর মোহাম্মদ আলী তরফদার ‘প্রজাবাহিনী প্রেস’ পরিচালনা করতেন। ব্যবসার পাশাপাশি তিনি জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং গ্রামের বাড়ি সারিয়াকান্দির নারচী ইউনিয়ন পরিষদে দীর্ঘ ২৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি সম্পর্কে আতিকুর রহমানের মাতামহ (নানা)। পরবর্তীতে এই নানার বাড়িতেই রুমনের কৈশর কাটে।

স্কুল জীবনেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর দর্শনে উদ্বুদ্ধ হন এবং পরর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। সরকারি শাহ্ সুলতান কলেজে অধ্যয়নকালে তিনি কলেজ ছাত্র সংসদে নেতৃত্ব দেন। পরবর্তীতে সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৯৩ সালে তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে উত্তরাঞ্চলের প্রাচীনতম বগুড়া প্রেসক্লাব-এর সদস্য পদ লাভ করেন। তিনি বগুড়া প্রেসক্লাব-এর নির্বাচিত পাঠাগার সম্পাদক ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আতিকুর রহমান রুমন ১৯৯৮ সালে দৈনিক দিনকাল– এর বগুড়া অফিসে স্টাফ রিপোর্টার এবং অফিস প্রধান হিসেবে যোগদান করেন। ২০০০ সালে দৈনিক দিনকাল-এর প্রধান কার্যালয়ে বদলী হন। এরপর তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি লাভ করেন। সাংবাদিকতার পাশাপাশি দেশের অন্যান্য পত্র-পত্রিকায় জাতীয়তাবাদের পক্ষে লেখালেখি অব্যাহত রাখেন এবং রাজনীতিতেও সক্রিয় থাকেন। বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক নির্বাচিত হন। সম্প্রতি তাকে দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব দেওয়া হয়। ব্যক্তিগত জীবনে রুমন এক কন্যা সন্তানের জনক।

 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন