Logo
Logo
×

সারাদেশ

গৌরপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় মাথা ন্যাড়া করে লাঞ্ছিত

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

গৌরপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় মাথা ন্যাড়া করে লাঞ্ছিত

ছবি-সংগৃহীত

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নির্বাচনকালীন সময়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার রাতে গৌরীপুর থানায় একটি মামলা হয়েছে।অভিযুক্ত কাজিয়েল হাজাত শাহী মুন্সী বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনের হয়ে কাজ করেছেন।

ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার বলেন, গত বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহ যাওয়ার পথে আমাকে পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সী দেখতে পায়। রেলক্রসিং অতিক্রম ও সামনে পৌর ট্যাক্সটোল আদায়ের জন্য সিএনজিকে ব্যারিকেড দিলে তিনি এসে টেনেহেঁচড়ে সিএনজি থেকে আমাকে নামান। এরপর শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে যায়, সেখানে নিয়ে শাহী মুন্সী ও তার লোকজন আমার মাথার চুল কেটে মাথ্যা ন্যাড়া করে দেয়।

তিনি আরও বলেন, আমার অপরাধ আমি ঘোড়া প্রতীকের নির্বাচন করেছিলাম। গৌরীপুরে ধানের শীষ বিজয়ী হয়েছে, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা আশা করেছিলাম, দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। সেই জায়গায় আমি এ উপহার পেলাম।

এ বিষয়ে গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সী জানান, এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। বিএনপির সুনাম নষ্ট করতেই পরাজিত স্বতন্ত্র প্রার্থীর আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা আগে থেকেও মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ন করতে চেয়েছিল। এটাও তার অংশ।

এ ঘটনায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, এই আব্দুল মান্নান বারবার জেল খেটেছেন, আন্দোলন করেছেন, দলীয় প্রত্যেকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেই মানুষটাকে এমনভাবে লাঞ্ছিত কখনও মেনে নেওয়া যায় না।

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন