Logo
Logo
×

সারাদেশ

প্রয়াত খালেদা জিয়ার সময় ফেনীতে ব্যপক উন্নয়ন হয়েছে : জয়নাল আবেদিন

Icon

ফেনী সংবাদদাতা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

প্রয়াত খালেদা জিয়ার সময় ফেনীতে ব্যপক উন্নয়ন হয়েছে : জয়নাল আবেদিন

‘সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সহযোগিতায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফেনীতে আমরা ব্যাপক উন্নয়ন পেয়েছি। জেলার অসমাপ্ত উন্নয়নে তাঁর যে প্রতিশ্রুতি রয়েছে আশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বিমুখ করবেন না। আমরা ফেনীর তিন এমপি একসঙ্গে তার সঙ্গে সাক্ষাত করে তাঁর মায়ের প্রতিশ্রুতির কথা জানাবো। ফেনীতে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থাসহ দাবী গুলো তার কাছে তুলে ধরবো।’

গতকাল সোমবার দুপুরে ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি।

তিনি বলেন, আমাদের এখন কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। যারা বিগত সময়ে দেশের মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। তাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া জেলার সংক্ষিপ্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। 

আলোচনায় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ফেনীর সীমান্তবর্তী এলাকা দিয়ে এখনও মাদক ও চোরা কারবারি চলছে। এসব অপরাধে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে। সবাইকে নিয়ে সুন্দর ফেনী গড়তে চাই। এখন কেউ ক্ষমতা দেখানোর চেষ্টা করলে প্রশ্রয় দেওয়া হবে না। 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক আজিজ উল্যাহ আহমদী প্রমুখ বক্তব্য দেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন