ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গল সংবাদদাতা
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি-সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রুপসপুর ও বালুচর সংলগ্ন জোড়াপুলে প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা বর্জ্য অপসারণের লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার নির্বাহী প্রকৌশলী
মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া, উপজেলার বিএনপির
আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীসহ বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী
সংগঠনের সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন,
ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয় এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে
ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে খালের স্বাভাবিক
প্রবাহ ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। তাই নিয়মিত পরিচ্ছন্নতা
অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

