Logo
Logo
×

সারাদেশ

বিএনপির বাদশা, জামায়াতের আবিদুরেই আস্থা

Icon

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

বিএনপির বাদশা, জামায়াতের আবিদুরেই আস্থা

ছবি- রেজাউল করিম বাদশা (বাঁয়ে) ও আবিদুর রহমান সোহেল

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে প্রধান দুই দল প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি) থেকে জেলা সভাপতি রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বগুড়া শহর আমির আবিদুর রহমান সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারী) বেলা তিনটার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন রেজাউল করিম বাদশা। এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন উত্তোলনের পর তিনি বলেন, দল তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং বগুড়ার উন্নয়নে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা চান। জয়ের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই দিন বিকেলে আবিদুর রহমান সোহেল মুঠোফোনে তার প্রার্থিতা নিশ্চিত করেন। এর আগে সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তাকে প্রার্থী করা হয়েছে এবং তিনি শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হন তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২০২৬ সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ১০ জন।

তফসিল অনুযায়ী, ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ বাছাই, ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন