বগুড়ায় আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফের দাফন সম্পন্ন। এর আগে গত বুধবার ইফতারের আগে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল লতিফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর পৈতৃক নিবাস সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের
চাঁন্দপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয়
এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও
রাজনৈতিক নেতা-কর্মীরা অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিন বগুড়া শহরের লতিফপুর
এলাকায় নিয়ে আসা হয়।
বাবার স্মৃতি চারণ করতে গিয়ে আমজনতার দলের মহাসচিব তারেক রহমান বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ব্যস্ত থাকায় পরিবারের প্রতি যথাযথ হক আদায় করতে পারিনি। আমার বাবা আমাকে নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। ছোটবেলায় কোথাও গেলে বাবা আমাকে কাঁধে তুলে নিতেন, যাতে আমি তাঁর চেয়েও বেশি দেখতে পাই। তিনি সবসময় আমাকে রাজনৈতিক বিষয়ে সুপরামর্শ দিতেন। এসময় তিনি বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
তারেক রহমানের চাচা রেজাউল করিম জানিয়েছেন, জোহর নামাজ শেষে বগুড়া শহরের শাহ সুলতান কলেজ
প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লতিফপুরে তাঁকে দাফন করা হয়েছে।
আব্দুল লতিফের মৃত্যুতে আমজনতার দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও
সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

