Logo
Logo
×

সারাদেশ

শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম

শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা

ছবি-সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্ব একটি রিকশায় আনা মাইকে ভাষণটি চালানো হয়। এতে একদল যুবক বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় মাইক ভাঙচুর করা হয়।

ইমি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের প্রতীক। তিনি তো আর এমন না যে, তাকে ব্যবহার করলাম, তারপর প্রয়োজন ফুরিয়ে গেল, ৩২ নম্বর ভাঙলাম, তার ম্যুরাল ভাঙলাম, এমন তো না।  ৭ মার্চের ভাষণ আমাদের জাতীয় গর্বের চিহ্ন। আমাদের অস্তিত্বে গুরুত্বপূর্ণ স্বাক্ষর। এই স্বাক্ষরকে যখন থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যেই ভাষণে মুক্তিযোদ্ধারা একাত্তরে যুদ্ধে নেমেছিল। সেই ভাষণের জন্য একজন শিক্ষার্থীকে অন্যায়ভাবে পুলিশ তুলে নিয়ে যায়, তখন তো আমাদের রাস্তায় নেমে আসা অবধারিত। কারণ এই জুলুম তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।’

এর আগে, দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করে নেয়। তাদের আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানো হয়।

আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন