টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি-সংগৃহীত
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ধনবাড়ী উপজেলার সেনবাড়ি এলাকার আকবর আলী, বাউশী বাঙালীপাড়া এলাকার ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের খোকন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালকও মারা যান।
ধনবাড়ী থানার ওসি নুরুল সালাম জানান, জামালপুর থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন নিহত হন এবং পরে আরও একজনের মৃত্যু হয়। লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

