মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের
মুন্সিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন (১৬) ও হাইয়ার পার গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান (২০)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) দুপুর দুইটার দিকে রিজন তার বাড়ির পাশে বসুউল্লাহ মাঠে খেলা করতে গেলে বজ্রপাতে সে মারা যায়। অপরদিকে হাইয়ার পার এলাকায় শ্মশানের পাশে গরু আনতে গিয়ে বজ্রপাতে আরাফাত খা নামের কিশোরের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে রিজনের প্রতিবেশী সিফাত বলেন, দুপুর দুইটার দিকে রিজনসহ আরও ৭-৮ জন বসুউল্লা মাঠে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই রিজন মারা যায়।
অপরদিকে স্থানীয় বিএনপি নেতা আরাফাত খা এর প্রতিবেশী শামীম মোল্লা বলেন, হাইয়ার পার এলাকার শ্মশানের পাশে বজ্রপাতে জসিম খানের ছেলে আরাফাত খা মারা গেছে।
এব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি মো. মনিরুল ইসলাম ডাবলু বলেন, পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

