মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি-সংগৃহীত
মোংলা নদী পারাপারে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজারো কর্মজীবী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ ফেরি সার্ভিস চালু করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে এই ফুলটাইম ফেরি সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন কেবল জোয়ারের সময় ফেরি চলাচল করত। ভাটার সময় ফেরি বন্ধ থাকায় যাত্রী ও পণ্য পরিবহনে চরম ভোগান্তির সৃষ্টি হতো। সেই সমস্যা দূর করতে এখন থেকে দুটি ফেরি ২৪ ঘণ্টাই চলাচল করবে।
তিনি বলেন, ফেরিঘাটে ভাড়ার নির্ধারিত তালিকা (চার্ট রেট) অবশ্যই টাঙিয়ে রাখতে হবে। ভাড়ার তালিকা প্রদর্শন না করা হলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, সার্বক্ষণিক ফেরি সার্ভিস চালু হওয়ায় জয়মনি এলাকার খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলার মানুষের যাতায়াত আরও নির্বিঘ্ন হবে। কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে, ফলে ফেরি সার্ভিসটি অর্থনৈতিকভাবেও লাভজনক হয়ে উঠবে।
অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নুর জনীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের আশা, সার্বক্ষণিক ফেরি চলাচল শুরু হওয়ায় মোংলা নদী পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং শিল্পাঞ্চল, বন্দর ও আশপাশের উপজেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন আরও সহজ ও নিরাপদ হবে।

