ইতালিতে নিজ বাসায় স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:২১ পিএম
ছবি-সংগৃহীত
ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি দম্পতি ও তাদের শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের বড় ছেলে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।
এ ঘটনায় আহত হয়েছেন বাবুল দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কামাল উদ্দিন বাবুলের স্বজন আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে বাবুল, তার স্ত্রী ও শিশুকন্যার ওপর হামলা চালায়।
এ সময় বাইরে থেকে বাসায় ফিরে ঘটনাটি টের পান অয়ন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।
অয়নের চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামাল উদ্দিন বাবুল, আরজু বেগম ও শিশু আরোয়া ইসলাম আরিশাকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে নিহত পরিবারের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও উৎকণ্ঠা।
হত্যাকাণ্ডের কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে।

