Logo
Logo
×

সারাদেশ

হাতীবান্ধায় ওয়ারেন্টভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত

Icon

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:২৫ পিএম

হাতীবান্ধায় ওয়ারেন্টভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত

ছবি-সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ।

অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে রাশেদুল ধারালো দা দিয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালান। এতে এসআই রুহুল আমিনের হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় এএসআই আব্দুল লতিফও আহত হন। হামলার পর আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এসআই রুহুল আমিনের অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস ক্লিনিক)-এ স্থানান্তর করা হয়, যেখানে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার হামলায় দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে হামলার পর থেকে অভিযুক্ত রাশেদুল ইসলাম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন