Logo
Logo
×

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

Icon

কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৪১ পিএম

পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

ছবি-সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সগুলো ছয় মাস পর খোলা হয়েছে। ১৩টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। এছাড়া স্বর্ণ-রুপার অলঙ্কার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দানবাক্স থেকে পাওয়া টাকা ৪৩টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। পরে রূপালী ব্যাংকের কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৪৩০ জনের একটি দল মিলে গণনার কাজ শুরু করে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, দিনভর গণনা শেষে সন্ধ্যায় মোট টাকার পরিমাণ জানা যাবে।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ৩ মাস ২৭ দিনে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়, যার পরিমাণ ছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। ওই সময়ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, প্রায় আড়াইশ বছর আগে এক আধ্যাত্মিক পুরুষ নরসুন্দা নদীর মধ্য দিয়ে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকায় অবস্থান করেন। তার মৃত্যুর পর সেখানে সমাধির পাশে একটি মসজিদ নির্মিত হয়, যা পরে পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান বলেন, “পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গণনা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।”

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, “ছয় মাস পর দানবাক্স খোলা হয়েছে। এবার ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। গণনা শেষে মোট অর্থের পরিমাণ জানা যাবে। আশা করা হচ্ছে, এবারও আগের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।”

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন