Logo
Logo
×

সারাদেশ

শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

Icon

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:২২ পিএম

শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া পৌরশহর থেকে চার হাজার ইয়াবাসহ আরমান উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২২ জুলাই) পৌরসভার পুরাতন বাসস্টেশন মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আরমান উদ্দিন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমমুহুরীপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি শপিং ব্যাগে ইয়াবা নিয়ে পুরাতন বাসস্টেশন মসজিদের সামনে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় আরমান উদ্দিনের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে টিস্যু কাগজে মোড়ানো দুটি নীল রঙের চেইনযুক্ত প্যাকেট থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন