Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা ইমরানকে সাময়িক অব্যাহতি

Icon

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা ইমরানকে সাময়িক অব্যাহতি

ছবি-সংগৃহীত

ব্যাংককর্মীকে তুলে নিয়ে মারধর, ছিনতাই ও চাঁদা দাবির মামলায় অভিযুক্ত বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর ব্যাখ্যাও চেয়েছে দলটি। মঙ্গলবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে লিখিত ব্যাখ্যা, আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দিতে হবে। নোটিশ জারির সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে এক ব্যাংককর্মীকে জোর করে তুলে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে বিকাশের মাধ্যমে আরও টাকা দাবি করার অভিযোগে শওকত ইমরানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়।

এদিকে সোমবার সামাজিক মাধ্যমে শওকত ইমরানের ২২ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পরদিন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় এনসিপি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন