হাসপাতালে আগুন, ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ অসুস্থ ৫০
সাতক্ষীরা সংবাদদাতা
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ১০ তলাবিশিষ্ট ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে আগুনের তীব্র ধোঁয়া ও হুড়োহুড়িতে ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ৫০ জন রোগী ও তাদের স্বজন অসুস্থ হয়ে পড়েছেন। তবে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোয় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র ও
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুরে ১০ তলা ভবনটির বেসমেন্ট বা পার্কিং ফ্লোর থেকে
আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের
মধ্যে চরম আতঙ্ক দেখা দেয় এবং হুড়োহুড়ি শুরু হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী- পার্কিং ফ্লোরের
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বেসমেন্টে অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের
এই ঘটনা ঘটে।
হাসপাতালের অতিরিক্ত
পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিচতলায় আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রোগীদের
সরিয়ে অন্যত্র নেওয়ার ব্যবস্থা করি। পরে ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ সদস্যরা এসে
কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা ফায়ার
সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন
নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও মোট
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে।
সাতক্ষীরা সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশের সমন্বিত
উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ভেতরে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।

