Logo
Logo
×

সারাদেশ

দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : গনপূর্ত প্রতিমন্ত্রী

Icon

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে :  গনপূর্ত প্রতিমন্ত্রী

ছবি-সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে, কোনোভাবেই সেই লক্ষ্য ব্যর্থ হতে দেওয়া হবে না। তাই দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। মানুষের অধিকার বঞ্চিত করে কেড়ে নেওয়া হয়েছিল বাকস্বাধীনতা। সেই পরিস্থিতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। বর্তমান সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। একটি মহল উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

আহম্মেদ সোহেল মনজুর বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের বিপুল সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধের কোনো তথ্য থাকলে থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা প্রয়োজনে সরাসরি আমাকে জানান।

সকালে নেছারাবাদে পৌঁছে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন বহুতল ভবনের উদ্বোধন করেন। ত্রান সামগ্রী বিতরনের পরে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই গনঅভ্যুথান উপলক্ষে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে পুনরায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন