জয়পুরহাটে লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
জয়পুরহাট সংবাদদাতা
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি-সংগৃহীত
নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তীব্র গ্যাস সংকট, লাগাতার লোডশেডিং এবং ভৌতিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে
বলা হয়, দেশজুড়ে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে। তীব্র
গ্যাস সংকট এবং ভয়াবহ লোডশেডিংয়ের কারণে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে
শিল্প-কারখানার উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ওপর দফায় দফায়
বিদ্যুতের দাম বৃদ্ধি এবং গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ও 'ভুতুড়ে' বিদ্যুৎ বিল আদায়ের
ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছৈছে।
এছাড়া
চাল, ডাল ও ভোজ্যতেলসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার
সম্পূর্ণ বাইরে চলে যাওয়ায় নিম্নআয়ের ও মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে বলে
উল্লেখ করা হয়।
১১
দলীয় ঐক্য, জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট
জেলা শাখার সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া মণ্ডল স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
এসময়
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জেলা এবি পার্টির সভাপতি সুলতান
মো. শামসুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক
আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মোমেন ফকির প্রমুখ উপস্থিত
ছিলেন।

