ফেনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজিবি ফেনী ব্যাটালিয়ন পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করে
অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, ওষুধ, কসমেটিকস, চকলেট
ও বিস্কুট জব্দ করে টহল দলের সদস্যরা। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য
প্রায় ৯০ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা
ও কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লে. কর্নেল এম এম জিল্লুর
রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তে হত্যা শূন্যের কোটায় রাখা,
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়
রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো
ধরনের সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

