বাঁশখালীকে বন্যা মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে- ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি-সংগৃহীত
‘বাঁশখালী অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে। যার দরুন স্বাভাবিক বৃষ্টি হলেই দু-কুল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এ জন্য খালসমূহ খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে। পাহাড়ের ঢলে যাতে মানুষের বসতবাড়ি না ডুবে যায় সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।’
শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
মন্ত্রী জানান, বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে আগামীকাল প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
পরে মন্ত্রী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রমুখ উপস্থিত ছিলেন।

