ছবি-সংগৃহীত
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘ভাইরাল মিজানকে’ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, রাজধানীর আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি একটি বোতল দিয়ে পুলিশের এক সদস্যকে আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
এ সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং তাদের ওপর চড়াও হন বলে পুলিশের অভিযোগ। একপর্যায়ে তিনি পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করেন। পরে রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানকে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

