গভীর রাতে বাড়িতে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ এএম
ছবি-সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে নিজ বাড়িতে অশোক মন্ডল নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অশোক মন্ডল কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মন্ডলের ছেলে।
নিহত অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন, ঘটনার রাতে আমি ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। সে সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মন্ডলকে টেলিভিশন দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মন্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরের বারান্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে আমার ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।
অশোকের ভাই অসীম বলেন, ‘একজন ঘরে ঢুকে অশোকের গলায় কোপ মারে। চিৎকার শুনে এগিয়ে এলে ওই দুর্বৃত্ত আমাকে ঘুষি মেরে পালিয়ে যায়।’
তারাশী গ্রামের ব্যবসায়ী হরিচাঁদ মন্ডল বলেন, অশোক মন্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই। সে একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিল। আমার জানামতে তার কোন শক্র নেই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, অশোক মন্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইত্যেমধ্যে আমরা তদন্ত করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারবো।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ হাসপাতাল মর্গে মরদেহর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

