Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

Icon

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

ফরিদপুরের সদরপুর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে সদর ইউনিয়নের কালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব শেখ ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ ফরিদপুর সদর ইউনিয়নের সিএনবি ঘাট নর্থ চ্যানেল এলাকার শাহজাহান শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিখোলার পার্শ্ববর্তী ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের সামনের দিকে একটি বিদ্যুতের খুঁটিতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন খোলা অবস্থায় ঝুলছিল। শুক্রবার সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর সময় সজিবের হাতে থাকা একটি রড অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পাশে থাকা শ্রমিক রুবেল শেখও আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিব শেখকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার হয়েছে।

সদরপুর থানার এসআই মেহেদী হাসান বলেন, সুরতহাল শেষে লাশ থানায় নেওয়া হবে, পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন