Logo
Logo
×

সারাদেশ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

Icon

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

ছবি- সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দ মিছিল করেন এবং মিষ্টি বিতরণ করেন।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখছেন তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, প্রিয় নেতার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁওয়ের মানুষ আনন্দিত। তার নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতায় দেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা তাদের।

পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ বলেন, মির্জা ফখরুল শুধু বিএনপির নেতা নন, তিনি ঠাকুরগাঁওয়ের গর্ব। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জেলার মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান তানু বলেন, ঠাকুরগাঁওয়ের একজন কৃতী সন্তান রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হয়েছেন—এটি জেলার মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়।

স্থানীয় বাসিন্দা মকলেসুর রহমানও মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্জন পুরো ঠাকুরগাঁওবাসীর জন্য গর্বের।

মিষ্টি বিতরণ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আনন্দ ভাগাভাগি করে নেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন