রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার
রংপুর সংবাদদাতা
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম
ছবি-সংগৃহীত
রংপুর নগরীর মাছুয়াপাড়া মন্দির এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিন থেকে চার দিন আগে তাঁদের হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের চার সদস্যের মোবাইল ফোন বন্ধ থাকায় স্বজনদের সন্দেহ হয়। শনিবার রাতে বাড়িতে এসে প্রধান দরজা বন্ধ পান তাঁরা। ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় স্থানীয়দের সহায়তায় পাশের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। এ সময় ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পাওয়া যায় এবং বিভিন্ন স্থানে পরিবারের সদস্যদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পরে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যরাও ঘটনাস্থলে তদন্তকাজ শুরু করেন।
রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী সাংবাদিকদের জানান, বাড়ির ছাদে একজনের, চিলেকোঠায় দুজনের এবং একটি ঘরে একজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি তিন থেকে চার দিন আগে ঘটেছে। তবে কীভাবে তাঁদের হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বাড়ির বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। টাকা-পয়সা ও স্বর্ণালংকার রাখার স্থানগুলোও ভাঙাচোরা ছিল। বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যাওয়ায় ঘটনাটি ডাকাতির সঙ্গে সম্পর্কিত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত গণপতি চক্রবর্তী শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর নিজ বাড়িতে হোমিওপ্যাথ চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। তাঁর মেয়ে পার্থী চক্রবর্তী কারমাইকেল কলেজে মাস্টার্সে পড়াশোনা করতেন। ছেলে প্রিয়ম রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির সদস্যরা কাজ করছেন। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

