রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ
রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: বাসস
রাঙামাটিতে মাদকের আগ্রাসন রোধে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ করেছে জেলা পুলিশ। এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশের আয়োজনে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গঠন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে। শুধু পুলিশের পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
প্রধান আলোচকের বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদক নানা ধরনের অপরাধের অন্যতম উৎস। তাই মাদকের সঙ্গে জড়িত গডফাদার, সরবরাহকারী ও সেবনকারীসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, মাদকের আগ্রাসন থেকে দেশ, সমাজ ও জাতিকে রক্ষা করতে সবার সহযোগিতা প্রয়োজন। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রতিটি নাগরিককে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহসভাপতি নবজ্যোতি খীসাসহ অন্যান্যরা।
এর আগে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাবের সামনে থেকে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি জনসচেতনতামূলক মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে পুলিশ কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

