মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:১২ এএম
ছবি-সংগৃহীত
মাদারীপুরে একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নাশকতা নাকি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ওই গ্রামের আমিনুল ইসলাম খান প্রায় সাত বছর ধরে খুলনায় বসবাস করছেন। তার বাড়ির ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
তিনি জানান, বুধবার বিকেলে স্থানীয়রা ওই বদ্ধ ঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলের কাছে গিয়ে তারা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং পোড়া গন্ধ পান।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। বিস্ফোরণে পরিত্যক্ত টিনশেড ঘরটির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল বাড়ানো হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ঘটনাটি কী কারণে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

