Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুরে শ্রমিক নেতাকে গ্রেপ্তারে সড়ক অবরোধ, বন্ধ বাস চলাচল; দুর্ভোগ

Icon

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

দিনাজপুরে শ্রমিক নেতাকে গ্রেপ্তারে সড়ক অবরোধ, বন্ধ বাস চলাচল; দুর্ভোগ

ছবি-সংগৃহীত

দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার ভোর থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে শ্রমিকদের অবস্থানের কারণে শহরে যান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিকদের অবরোধের প্রভাবে দিনাজপুর শহর থেকে পঞ্চগড়, রংপুরসহ বিভিন্ন জেলার আঞ্চলিক ও দূরপাল্লার সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে যাত্রীরা বাসস্ট্যান্ড ও বিভিন্ন সড়কে অপেক্ষা করলেও গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েছেন।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলার বাস টার্মিনাল এলাকায় আড়াআড়িভাবে বাস রেখে সড়ক অবরোধ করা হয়েছে। একইভাবে শহরের কলেজ মোড়, থানা গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক ও মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এছাড়া কোতোয়ালী থানার সামনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিক নেতাকর্মীরা।

শ্রমিক নেতাকর্মীরা জানান, বুধবার রাতে দিনাজপুর বাস টার্মিনাল এলাকা থেকে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। তার মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শ্রমিক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে সকাল থেকেই পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।

শ্রমিক নেতাদের দাবি, গ্রেপ্তার হওয়া শেখ বাদশা আসন্ন মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী। বৃহস্পতিবার তার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বলেও জানিয়েছেন তার সমর্থকরা। গ্রেপ্তারের ফলে তার নির্বাচনী কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

হঠাৎ সড়ক অবরোধ ও বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বের হওয়া যাত্রীরা বিকল্প যানবাহনের সন্ধানে ঘুরছেন।

সকালে শহরের কলেজ মোড় থেকে রংপুরে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া মো. আমিনুল বলেন, “কয়েকদিন পরপর শ্রমিকরা আন্দোলন করে রাস্তা অবরোধ করে রাখছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় আমাদের। শ্রমিকদের উচিত বিকল্প ব্যবস্থায় আন্দোলন করা।”

অবরোধ দীর্ঘায়িত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় শেখ বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারের বিষয়টি আইনগত প্রক্রিয়ার অংশ। সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের কারণে দিনাজপুর শহরের স্বাভাবিক যান চলাচল কখন শুরু হবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা তৎপর রয়েছেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন