বাধা পেরিয়ে বিয়ানীবাজারে নৌকাবাইচ
বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি-সংগৃহীত
নানা নাটকীয়তা ও অনিশ্চয়তা পেরিয়ে সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদী জনতার’ ব্যানারে একটি পক্ষ নৌকাবাইচ বন্ধের দাবি তোলায় গত এক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে বিষয়টির সমাধান হলে শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ‘লাউতা-বাহাদুরপুর যুবসমাজ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় ৩০তম নৌকাবাইচ প্রতিযোগিতা।
নৌকাবাইচ দেখতে সোনাই নদীর দুই পাড়ে কয়েক হাজার মানুষ জড়ো হন। দুপুরের পর থেকেই নদীর দুই তীরে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। মাঝিদের বৈঠার ছন্দ আর নৌকার সাঁই সাঁই গতিতে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। দূর-দূরান্ত থেকেও অনেকে আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী আয়োজন দেখতে আসেন।
এবারের প্রতিযোগিতায় সিলেটের গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে আসা তিনটি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম ‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ ও ‘পাগলা নাও’। প্রতিযোগিতায় নৌকাগুলোর হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, নৌকাবাইচ বন্ধের দাবিতে একটি পক্ষ ‘তৌহিদী জনতার’ ব্যানারে অবস্থান নেওয়ায় আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে প্রশাসনের নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিরা আয়োজক ও বিরোধী পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌকাবাইচ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘আজ উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজারের সোনাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের সঙ্গে আমি এবং পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব সমন্বয় করে এই আয়োজনকে সফল করার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘তৌহিদী জনতার ব্যানার ব্যবহার করে একটি পক্ষ এটি বন্ধ করতে চেয়েছিল। তবে প্রশাসনের নির্দেশে আয়োজক ও বিরোধী দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো শর্ত ছিল না। আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে, এটি একটি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা এবং এ নিয়ে বিরোধিতা করা ঠিক নয়।’
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, নৌকাবাইচ বন্ধের বিষয়ে কেউ সরাসরি তাঁর কাছে আসেননি। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয়ভাবে সমাধানের দায়িত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, ‘তারা স্থানীয়ভাবে বসে বিষয়টি সুন্দরভাবে সমাধান করেছেন। আজ নদীর দুই পাশে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে নৌকাবাইচ উপভোগ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
কোনো শর্ত মেনে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘কোন শর্ত মেনে নৌকাবাইচ হয়েছে, সেটা আমি শুনিনি কিংবা আমাকে কেউ বলেনি। আসলে এখানে শর্তের কিছু নেই। এটি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। আয়োজকরা আয়োজন করতে চাইলে প্রশাসন তাদের সহযোগিতা করবে।’

