Logo
Logo
×

সারাদেশ

দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালানো হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

Icon

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালানো হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

ছবি-সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার ও তাদের দোসররা নানা ধরনের উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বিকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় গ্রামে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, যেখানে সার নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছিল, সেখানেই গুদাম লুট করা ব্যক্তিরা পরে মাথায় করে সারের বস্তা ফিরিয়ে দিচ্ছে। বাস্তবে সারের কোনো সংকট নেই। কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।

দেশের বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কিছু গণমাধ্যমে যশোরে বিদ্যুৎ না থাকার কারণে মাছ মারা যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। কিন্তু সেখানে বিদ্যুৎ ছিল না মাত্র ৪০ মিনিট। ৪০ মিনিট বিদ্যুৎ না থাকলে সত্যিই কি মাছ মারা যেতে পারে, এ প্রশ্ন জনগণের কাছেই রাখতে চাই।

মন্ত্রী আরও বলেন, ১৯ বছরের শাসনের সঙ্গে সম্পৃক্ত কিছু দোসর বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে ডা. জাহিদ বলেন, আপনারা সজাগ থাকবেন। কোনো অবস্থাতেই যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অফিস ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎ না থাকলে অফিস ভাঙচুর বা কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে বিদ্যুৎ পাওয়া যাবে না। মানুষের শরীরে বা অফিসে বিদ্যুৎ থাকে না। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে এবং পরিস্থিতি বুঝে দায়িত্বশীল আচরণ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান প্রমুখ।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন