বগুড়ায় ড্রেন খুঁড়তে মিলল এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম
ছবি-সপ্র
বগুড়া শহরের সাতমাথা এলাকায় ড্রেন পুনর্নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় এসএমজি রাইফেলের ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে জিলা স্কুলের প্রাচীর সংলগ্ন এলাকায় ড্রেনের তলদেশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতমাথা এলাকায় জিলা স্কুলের প্রাচীরঘেঁষে সিটি কর্পোরেশনের ড্রেন পুনর্নির্মাণের কাজ চলছে। সকালে শ্রমিকরা ড্রেনের তলদেশে মাটি খনন করছিলেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে প্রাচীরের পাশের মাটি খুঁড়তে গিয়ে তারা কয়েকটি গুলি দেখতে পান।
বিষয়টি শ্রমিকরা ড্রেন নির্মাণকাজের উপ-ঠিকাদার সিরাজকে জানান। পরে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো হেফাজতে নেয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীর নেতৃত্বে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া গুলিগুলো গণনা করেন। এতে এসএমজি রাইফেলের ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া যায়।
ড্রেন নির্মাণকাজের উপ-ঠিকাদার সিরাজ বলেন, সকালে শ্রমিকরা মাটি কাটার সময় মাটির নিচে গুলি দেখতে পান। বিষয়টি জানার পর তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গুলিগুলো উদ্ধার করে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ড্রেন নির্মাণকাজের সময় শ্রমিকরা গুলিগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। গণনায় এসএমজি রাইফেলের ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় বগুড়া সদর থানা থেকে এসএমজি রাইফেলের কিছু গুলি লুট হয়েছিল। উদ্ধার হওয়া গুলিগুলো সেসবের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে গুলিগুলো কতদিন আগের এবং এগুলো ব্যবহারযোগ্য নাকি অকেজো।

