টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাজউকের উচ্ছেদ অভিযান
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি-সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দীর্ঘদিন ধরে মাদক বিক্রির ‘হটস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর সংলগ্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। পে-লোডার, এস্কেভেটরসহ বিপুলসংখ্যক শ্রমিক উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে সহায়তা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান সত্ত্বেও সেখানে মাদক কারবার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
রাজউক সূত্র জানায়, হাজী মাজার বস্তি এলাকায় রাজউকের প্রায় তিন বিঘা জমি রয়েছে। দীর্ঘদিন ধরে এসব জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সোমবারের অভিযানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি বুঝে নেয় রাজউক।
রাজউকের উপ-পরিচালক মো. লিটন সরকার বলেন, মাদকের বিস্তার ঠেকাতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রাজউকের জমি বুঝে নেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেন বলেন, টঙ্গী এলাকাকে মাদকের সামাজিক অভিশাপ থেকে মুক্ত করতে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখবে।
রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ করা জমিতে যাতে পুনরায় অবৈধ দখল বা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি করা হবে।

