Logo
Logo
×

সারাদেশ

রংপুরে চার খুন:

সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্ট নেগেটিভ, চিকিৎসক বলছেন ‘দেরিতে পরীক্ষা’

Icon

রংপুর সংবাদদাতা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্ট নেগেটিভ, চিকিৎসক বলছেন ‘দেরিতে পরীক্ষা’

ছবি-সংগৃহীত

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট চিকিৎসকের ভাষ্য, গ্রেপ্তারের সাত দিনের বেশি সময় পর পরীক্ষা করায় এমন ফল আসা স্বাভাবিক।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। নিরাপত্তাজনিত কারণে কারাগারের গেটেই নমুনা নেওয়া হয়। এ সময় পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ, মামলার তদন্ত কর্মকর্তা এবং রংপুর মেডিকেল কলেজের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন।

সনাতন চক্রবর্তী বলেন, নমুনা পরীক্ষা করে এমফিটামিনের অস্তিত্ব পাওয়া যায়নি। ডোপ টেস্টের ফলাফলে দুই আসামির শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন জানান, আসামিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের অনুরোধে বিশেষ নিরাপত্তায় জেলগেটে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা পরীক্ষা শেষে ফলাফল সিলগালা করে তদন্ত কর্মকর্তার মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এমফিটামিন সাধারণত দীর্ঘ সময় রক্ত বা মূত্রে শনাক্ত থাকে না। মূত্রে এটি সাধারণত পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পাওয়া যেতে পারে। যেহেতু আসামিরা সাত দিনের বেশি সময় ধরে আটক রয়েছেন, তাই তাদের ডোপ টেস্ট নেগেটিভ আসা স্বাভাবিক। ফলে সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে মাদকের অস্তিত্ব না পাওয়ার বিষয়টি তাদের গ্রেপ্তারের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন