Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

Icon

জামালপুর সংবাদদাতা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি : সপ্র

জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জামালপুর সদর থানা পুলিশ এবং জামালপুর ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাজীব পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে বাসটি লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে পিষ্ট হয় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই  তিনজন আরোহী প্রাণ হারান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় একজনকে জামালপুর জেনারেল হাসপাতাল আনলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।   দুর্ঘটনার জামালপুর সদর  উপজেলার নান্দিনা বাজার থেকে ভারুয়াখালি বাজার পর্যন্ত   যানজটের সৃষ্টি হয়।ভয়াবহ এই দুর্ঘটনায় বাসের যাত্রী ও অটোরিকশার আরোহীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের মধ্য থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৫ থেকে ১৬ জনকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। স্থানীয়দের পাশাপাশি পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে বাকিদের উদ্ধার করেন। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ‍নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে এবং হতাহতদের উদ্ধার করতে এখনো মাঠে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দলের সাথে স্থানীয় এলাকাবাসীও কাজ করছেন। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন