Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীবাড়ীতে স্বর্ণের দোকানে কর্মচারীর রহস্যজনক মৃত্যু

Icon

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

টঙ্গীবাড়ীতে স্বর্ণের দোকানে কর্মচারীর রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বর্ণের দোকান থেকে সুমন দে (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে হাসাইল-বানারী ইউনিয়নের হাসাইল বাজারে অমিত সরকার গোবিন্দের স্বর্ণের দোকানের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

তিনি উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত নারায়ণ দে এর ছেলে এবং হাসাইল এলাকার অমিত সরকারের স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত সুমন দে দীর্ঘদিন ধরে হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বসত বাড়ি দূরে হওয়ায় তিনি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দোকানেই থাকতেন। গতকাল রাত ৯টায় দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ তাকে দোকানে রেখে বাড়িতে চলে যান। রাতে সুমন দে তার স্ত্রী স্বরসতী দের সাথে ভিডিও কলে কথা বলেন। সুমন দে প্রতিদিন সকাল ৬টার মধ্যে ঘুম থেকে উঠে দোকান খুলতেন। কিন্তু মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দোকান না খোলায় পাশের চালের দোকানদার মঞ্জু রায় তাকে মোবাইলে ফোন দেন। ফোন না ধরায় আশপাশের দোকানদারদের নিয়ে শার্টারে ধাক্কা দিলে এক পাশ খোলা পাওয়া যায়। শার্টার উঠিয়ে ভিতরে গিয়ে তারা দেখতে পান সুমন দে বিবস্ত্র ও মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরে তারা দ্রুত শার্টার নামিয়ে দোকান মালিক অমিত সরকার গোবিন্দ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানকে বিষয়টি জানান।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন