Logo
Logo
×

সারাদেশ

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

Icon

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

ছবি সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও সারবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায় এবং সারবোঝাই ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডের প্রায় ২০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে বাস ও ট্রাকে থাকা আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় জে আর পরিবহনের একটি বাস।

বাসটি ভবুকদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এসিআই সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকটি ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। 

মুখোমুখি সংঘর্ষে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে গিয়ে পড়ে। বাসটির কিছু অংশ পানিতে তলিয়ে যায়।

এতে বাসের যাত্রী, চালক, হেলপারসহ বেশ কয়েকজন আহত হন। একই সময়ে ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে গিয়ে ট্রাকের চালক, হেলপারসহ আরো কয়েকজন আহত হন।

এদিকে, দুর্ঘটনার কারণে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সড়কের ওপর ট্রাক উল্টে থাকায় উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরানোর উদ্যোগ নেয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধারের কাজ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন