Logo
Logo
×

সারাদেশ

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, চার পুলিশ সদস্য প্রত্যাহার

Icon

সান্তাহার সংবাদদাতা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, চার পুলিশ সদস্য প্রত্যাহার

ফাইল ছবি

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশি রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন।

ওসি বলেন, ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন করা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশি রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ৪৪ বছর বয়সী ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ওঠেন। নাটোর এলাকায় চলন্ত ট্রেনের ক্যান্টিনে নিয়ে গিয়ে কয়েকজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এসে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আবু বক্কর সিদ্দিক (২২) নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ সদস্যের নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ঘটনার সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার অন্য আসামিদের সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন